৩০ হাজার টন ইউরিয়া সার ও ২৭ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনছে সরকার

Share ৩০ হাজার টন ইউরিয়া সার ও ২৭ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনছে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার প্রায় ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং ২ কোটি ৭১ লাখ লিটারের বেশি পরিশোধিত সয়াবিন তেল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (গতকাল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস থেকে সয়াবিন তেল সংগ্রহের সুপারিশ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ৩৫৭ কোটি টাকা। মোট ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করা হবে, যার প্রতি লিটার মূল্য ধরা হয়েছে ১৩১ টাকা ৪৯ পয়সা

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৫ দশমিক ২৫ মার্কিন ডলার

সভায় আরও জানানো হয়, দেশে সার সংরক্ষণ ও বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ‘সার সংরক্ষণ ও বিতরণের জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দুটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজ–২ এর আওতায় ফরিদপুরে প্রায় ৪৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি সারগুদাম এবং প্যাকেজ–৪, লট–৪ এর আওতায় গাইবান্ধায় প্রায় ৪৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একই ধারণক্ষমতার আরেকটি সারগুদাম নির্মাণ করা হবে।

এ ছাড়া রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য প্রায় ৮৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দুটি উচ্চগতির বৃহৎ নৌযান কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রোড সেফটি সংক্রান্ত তিনটি পৃথক ক্রয় প্রস্তাবেও সভায় সবুজ সংকেত দেওয়া হয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এসব সিদ্ধান্তের মাধ্যমে রমজানকেন্দ্রিক বাজার স্থিতিশীলতা, কৃষি উৎপাদন এবং নিরাপত্তা অবকাঠামো জোরদার করা সম্ভব হবে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo