সেবা নেই, বিল নেই’—ঢাকা–৯ আসনে ছয় দফা ইশতেহার নিয়ে মাঠে নামলেন তাসনিম জারা

Share সেবা নেই, বিল নেই’—ঢাকা–৯ আসনে ছয় দফা ইশতেহার নিয়ে মাঠে নামলেন তাসনিম জারা

ঢাকা–৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা গ্যাস–সংকট নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার তুলে ধরেন।

ইশতেহার ঘোষণার সময় তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদে আইন প্রণয়নের উদ্যোগ নেবেন এবং এলাকাবাসীর কাছে নিয়মিত জবাবদিহির একটি কার্যকর কাঠামো তৈরি করবেন। নিজেকে ‘এলাকার ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে ফুটবল প্রতীকে ভোট চান তিনি।

গ্যাস ও নাগরিক সেবায় ন্যায্যতার দাবি

ইশতেহারে গ্যাস–সংকটকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, গ্যাস না থাকলে মাসিক বিল আদায় করা যাবে না। এ লক্ষ্যে সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব উত্থাপন করবেন তিনি। পাশাপাশি পাইপলাইনের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ন্যায্যমূল্যে এলপিজি সরবরাহে বাধ্য করার উদ্যোগ নেওয়ার কথা জানান। এলপিজি বাজারে সিন্ডিকেট ভাঙতেও কঠোর অবস্থানের অঙ্গীকার করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনায় বর্ষা শুরুর আগেই ড্রেন পরিষ্কার, বাসাবাড়ির সামনে ময়লার স্তূপ অপসারণ এবং আধুনিক ব্যবস্থাপনা চালুর প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। রাস্তা কাটার পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে ঠিকাদারকে জরিমানার আওতায় আনার কথাও বলেন তিনি।

স্বাস্থ্যখাতে জবাবদিহি ও প্রতিরোধ

স্বাস্থ্য খাতে মুগদা হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা দূর করতে কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার ঘোষণা দেন তিনি। পাড়ার ক্লিনিকগুলোকে আধুনিক সরঞ্জাম দিয়ে ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তরের কথাও জানান। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বছরজুড়ে কাজ করবে—এমন স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। নারী স্বাস্থ্যসেবায় ব্রেস্টফিডিং স্পেস, নারীবান্ধব টয়লেট ও গর্ভবতী মায়েদের সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

মাদক নয়, আলো চাই

মাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে ধরে তিনি বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদন ও সমাজকল্যাণমূলক কাজের সুযোগ তৈরি করা হবে। মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। নিরাপত্তা বাড়াতে স্কুল ও গার্মেন্টস এলাকায় ল্যাম্পপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

শিক্ষায় কোটা নয়, মেধাই মানদণ্ড

শিক্ষা খাতে সংস্কারের কথা তুলে ধরে তাসনিম জারা বলেন, স্কুল ভর্তিতে এমপির কোনো কোটা বা সুপারিশ থাকবে না; মেধা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড। আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব, লাইব্রেরি, মানসিক স্বাস্থ্যসেবা ও এআই শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অর্থনীতি ও জবাবদিহির রাজনীতি

তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া ঋণ ও স্টার্ট-আপ ফান্ড চালু, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের কথাও ইশতেহারে উল্লেখ করেন তাসনিম জারা।
‘আমি অতিথি পাখি নই’—এই মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় একটি অফিস চালু হবে এবং নাগরিক অভিযোগের অগ্রগতি জানাতে ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালু করা হবে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo