নতুন জালিমের উত্থান ঘটেছে, দেশের মা-বোন আজ অনিরাপদ—বরিশালে তারেক রহমান

Share নতুন জালিমের উত্থান ঘটেছে, দেশের মা-বোন আজ অনিরাপদ—বরিশালে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পরও দেশে সেই একই দমনমূলক মানসিকতা রয়ে গেছে। তাঁর অভিযোগ, গুপ্ত পরিচয়ে পরিচিত একটি গোষ্ঠী এখন নতুন জালিমে পরিণত হয়েছে, যাদের কাছে দেশের মা-বোনরা নিরাপদ নন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। তিনি উল্লেখ করেন, আগামী ১২ তারিখ জনগণ তাদের জবাবদিহিমূলক সরকার নির্বাচন করবে। কিন্তু ৫ আগস্টের পর লক্ষ্য করা গেছে, স্বৈরাচার যে ভাষায় জনগণের সঙ্গে কথা বলত, মানুষকে অপমান করত ও তুচ্ছ করত—দুঃখজনকভাবে সেই রীতি এখনও বন্ধ হয়নি। তাঁর ভাষায়, “একটি দল গুপ্ত পরিচয়ে আবির্ভূত হয়েছে, যারা এখন দেশের মানুষের কাছে নতুন জালিম হিসেবে পরিচিত হয়ে উঠছে।”

তিনি আরও বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে তিনি দেখেছেন যে, ওই গোষ্ঠীর একাধিক নেতা প্রকাশ্যে নারীদের উদ্দেশে অশালীন ও কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। “যে নেতা ও কর্মীরা দেশের মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের কাছে মানুষের মর্যাদা ও আত্মসম্মান আশা করা যায় না,”—বলেন তারেক রহমান।

কুমিল্লা জেলার একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, গুপ্ত দলের এক নেতা প্রকাশ্যে বলেছেন, ১২ তারিখ পর্যন্ত তারা জনগণের পা ধরবে, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এই বক্তব্যের মাধ্যমে জনগণের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের মানসিকতার লোকেরা ক্ষমতায় গেলে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।

তারেক রহমান দাবি করেন, এই গোষ্ঠীটি অতীতেও স্বৈরাচারী সরকারের সহযোগী ছিল। তাঁর মতে, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং গত ১৫ বছরেও তারা স্বৈরাচারের পাশে ছিল বলে তিনি অভিযোগ করেন।

বরিশালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো নদীভাঙন। টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ বহু উন্নয়নমূলক কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। বিএনপির আমলে অনেক প্রকল্প শুরু হলেও সেগুলো শেষ করা সম্ভব হয়নি। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নারীদের ঘরে বন্দি করে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, নারী-পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া যাবে না। তিনি অভিযোগ করেন, গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে বিদ্বেষপূর্ণ ও অপমানজনক বক্তব্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

সবশেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানান, এসব শক্তির ব্যাপারে সতর্ক থাকতে এবং ভোটের মাধ্যমে তাদের উপযুক্ত শিক্ষা দিতে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo