শাহবাগ অবরোধ: পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের অবস্থান, বন্ধ যান চলাচল

Share শাহবাগ অবরোধ: পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের অবস্থান, বন্ধ যান চলাচল

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। শুক্রবার বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যার দিকে তারা শাহবাগে এসে জড়ো হন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে বিকল্প হিসেবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে যান চলাচল সীমিত আকারে চালু রয়েছে।

এর আগে, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচিকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ ব্যারিকেড স্থাপন করে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে অনুমতি দেওয়া হলেও পথে মারধরের অভিযোগ তুলে তারা ফিরে আসেন। এ ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বহু নেতা–কর্মী আহত হন। আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আহতদের শরীরে ফেটে যাওয়া ও থেঁতলে যাওয়ার মতো আঘাত রয়েছে, তবে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কাউকে ভর্তি করার প্রয়োজন হয়নি।

সংঘর্ষের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, বাংলামোটর ও পরীবাগ এলাকায় ছড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে এসব এলাকায় থেমে থেমে পুলিশের সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়া চলে। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তারা আবার শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এই বিক্ষোভে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী যোগ দেন। সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন—
‘হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না সংগ্রাম’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo