চরিত্র বদলায়নি যাদের, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়: জামায়াত আমির

Share চরিত্র বদলায়নি যাদের, তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়: জামায়াত আমির

কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যাদের রাজনৈতিক চরিত্রে পরিবর্তন আসেনি, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, ফ্যাসিবাদী মানসিকতা ও আচরণ থেকে বেরিয়ে না এলে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়া যাবে না।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “১৩ তারিখের পর একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করছে দেশের প্রায় ১৮ কোটি মানুষ। কিন্তু যারা এখনও ফ্যাসিবাদের আচরণ করছে, যারা জুলাই আন্দোলন ও সংস্কারের প্রয়োজনীয়তা মানে না—তাদের দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস থাকতে হবে, আর সেই সাহস জামায়াতে ইসলামীর আছে বলে তিনি দাবি করেন।

নিজ দলের অতীত প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, “দফায় দফায় সাজানো সাক্ষী ও পাতানো আদালতের মাধ্যমে জামায়াতের নেতাদের হত্যার শিকার হতে হয়েছে। তবুও আমরা কারও কাছে মাথা নত করিনি, দেশ ছেড়ে পালাইনি। আমরা এই দেশেই ছিলাম, আছি এবং ইনশা আল্লাহ থাকব।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “এখন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে, কার্ড দেওয়া হবে মায়ের হাতে। এক হাতে কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত—এটাই কি নিরাপত্তা? বাংলাদেশের মানুষ এতটা সরল নয়। আমার মায়েরা এখন প্রকাশ্যেই বলেন, তাঁরা একটি নিরাপদ বাংলাদেশ চান।”

তিনি আরও বলেন, দেশের নারীরা মনে করেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৈতিক ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তাঁর ভাষায়, “মায়েরা বিশ্বাস করেন, দাঁড়িপাল্লা ও তার সঙ্গীরাই তাঁদের নিরাপত্তা দিতে সক্ষম।”

দেশপ্রেম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতের কোনো মামা–খালুর দেশ নেই, কোনো বেগমপাড়া নেই। আমাদের একমাত্র ঠিকানা বাংলাদেশ।” তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা সামান্য অসুস্থ হলেই বিদেশে চলে যান, যা দেশের প্রতি আস্থাহীনতার পরিচয় দেয়।

তিনি বলেন, “দেশপ্রেম মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা, সন্তানদের বিদেশে রেখে পড়ানো—এসব দেশপ্রেমের নমুনা নয়।” জনগণ আর ফাঁকা কথায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা–৯ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কুমিল্লা–১০ আসনের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo