‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ধানের শীষে ভোট চাওয়ায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

Share ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ধানের শীষে ভোট চাওয়ায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

মাদারীপুর-১ (শিবচর) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে একটি ব্যতিক্রমী ঘটনা। বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতা-কর্মী। শুধু উপস্থিতিই নন, তাঁরা প্রকাশ্যে ধানের শীষে ভোট চেয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের এসব নেতা দাবি করেন, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশেই তাঁরা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। বিষয়টি ঘিরে শিবচরের রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

বিএনপির একাংশের নেতা-কর্মীরা বলছেন, মাদারীপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের বড় একটি অংশ সাবেক সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারী হিসেবে পরিচিত। তাঁর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর উঠান বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন।

এর ফলে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার তাঁর দুই বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে রয়েছেন বলে দাবি করছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার থেকেই নাদিরা আক্তার আওয়ামী লীগের নেতাদের নিয়ে একের পর এক উঠান বৈঠক করছেন। মঙ্গলবার সন্ধ্যার বৈঠকটি ছিল তুলনামূলক বড় পরিসরের। সেখানে এক মঞ্চে বসে বক্তব্য দেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা।

পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।

সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এ সময় শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান প্রায় তিন মিনিট ধরে বক্তব্য দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন এবং বক্তব্যের শেষেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, দল বা পরিচয়ের চেয়ে মানুষ ও এলাকার উন্নয়নই তাঁর কাছে বড়। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে চললে শিবচরকে আধুনিক ও উন্নত হিসেবে গড়ে তোলা সম্ভব। নির্বাচনের পর কোনো ধরনের হয়রানি বা মিথ্যা মামলা থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আওয়ামী লীগের নেতারা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির প্রার্থীকে সমর্থন জানাতে এসেছেন। এখানে কোনো দলকে পুনর্বাসনের প্রশ্ন নেই।

আওয়ামী লীগের নেতাদের এমন ভূমিকা শিবচরের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo