আসন সমঝোতা চূড়ান্ত করতে জামায়াতসহ ১০ দলের বৈঠক, অংশ নেয়নি ইসলামী আন্দোলন
Share
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলোর মধ্যে আসনভিত্তিক সমন্বয় ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, ১০ দলের এই বৈঠক শেষে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। আজ রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
অন্যদিকে বৈঠকে অংশ না নেওয়ার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, বৈঠকের বিষয়টি তারা সকাল ১০টার দিকে জানতে পারেন। সময় স্বল্পতার কারণে প্রস্তুতি নিয়ে বৈঠকে যোগ দেওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে এবং সমঝোতার দ্বার বন্ধ হয়নি বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন সমঝোতা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে এই বৈঠক নির্বাচনপূর্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামী আন্দোলনের অনুপস্থিতি শেষ পর্যন্ত জোট রাজনীতিতে কী প্রভাব ফেলে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
