উদ্বিগ্ন হওয়ার দরকার নেই: দেশের তেলের মজুত পর্যাপ্ত ও সরবরাহ সচল
Share
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত জ্বালানি মন্ত্রণালয়ের সভায় দেশজুড়ে তেলের মজুত ও সরবরাহ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, “আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ চেইন সচল রাখা সরকারী অগ্রাধিকার।”
জ্বালানি যুগ্মসচিব আরও জানান, কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওদের মাধ্যমে কৃষকরা সহজে ডিজেল পেতে পারবেন। এ ক্ষেত্রে সকল প্রশাসনিক ব্যবস্থাপনা ইতোমধ্যেই ক্লিয়ার নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।
ডিজেল আমদানির প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া থেকে দুই মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আনার প্রক্রিয়া চলছে, তবে কিছু দেশে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অনুমতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি জানান, ভারত থেকে ইতিমধ্যেই ২২ হাজার টন ডিজেল এসেছে, পাশাপাশি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালী ব্যবহার করে তেল আনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “আমাদের জাহাজগুলো হরমুজ দিয়ে আসতে কোনো সমস্যা নেই। তবে সব জাহাজ বাংলাদেশের পতাকাবাহী নয়, এটাই একমাত্র জটিলতা।”
বর্তমান তেলের মজুত সম্পর্কিত তথ্য তুলে ধরে যুগ্মসচিব জানান, দেশে বর্তমানে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত রয়েছে, এবং আগামী ৩০ মার্চ ও ৩ এপ্রিল আরও ৫৪ হাজার ৬০০ টন তেল দেশে পৌঁছাবে। এছাড়াও, এপ্রিল মাসে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৫৪ হাজার টন তেল আমদানি করা হবে।
সরবরাহ চেইন সচল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি সবাইকে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা হলে কোনো সংকট সৃষ্টি হবে না এবং দেশের জ্বালানি নিরাপত্তা বজায় থাকবে।
