ক্ষমতায় এলে চিরতরে দুর্নীতি বন্ধ হবে—কুমিল্লায় ডা. তাহেরের বড় ঘোষণা
Share
১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জোট বিজয়ী হলে দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে এবং বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ডা. তাহের বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে বহু সরকার পরিবর্তন দেখেছে। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদ্ধতিগত কোনো সংস্কার হয়নি। যে দলই ক্ষমতায় এসেছে, দুর্নীতি তাদের শাসনব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু নেতৃত্ব বদলেছে, দুর্নীতির চরিত্র বদলায়নি।” তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে কয়েকটি সরকারের সময়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একাধিকবার দুর্নীতিতে শীর্ষস্থান অর্জন করেছিল, যা জাতির জন্য ছিল চরম লজ্জার।
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এটি একটি গুণগত পরিবর্তনের নির্বাচন। ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের মৌলিক পার্থক্য রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার সুযোগ পাচ্ছে।”
ডা. তাহের দাবি করেন, ১১ দলীয় জোটের ভেতরে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দসহ ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয় ঘটেছে। দেশজুড়ে জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, “মানুষ এবার ভালো মানুষ ও সৎ নেতৃত্বকে ভোট দিতে প্রস্তুত। জনগণ আর দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় না।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং প্রশাসন, রাজনীতি ও অর্থনীতিতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনসভায় শুভপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার। এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
