স্পটিফাই এবার বই বিক্রিতে: অডিওবুকের পর সরাসরি বই কেনার সুবিধা চালু
Share
জনপ্রিয় মিউজিক ও অডিও কনটেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবার বই বিক্রির বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে। অডিওবুক ফিচারের সাফল্যের ধারাবাহিকতায় ব্যবহারকারীদের জন্য সরাসরি ছাপানো বই কেনার সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পড়া, শোনা ও কেনা—এই তিনটি অভিজ্ঞতাকে এক প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়েছে স্পটিফাই।
স্পটিফাই জানায়, তাদের উদ্দেশ্য হলো “বই পড়াকে আরও নমনীয়, ব্যক্তিগত এবং মানুষের দৈনন্দিন মুহূর্তগুলোর সঙ্গে সহজভাবে যুক্ত করা।” অর্থাৎ ব্যবহারকারীরা যেন যেকোনো সময়, যেকোনো মাধ্যমে নিজের সুবিধামতো বইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে স্পটিফাই প্রথম অডিওবুক সেবা চালু করে। শুরুতে কোনো বই শুনতে হলে আলাদাভাবে তা কিনতে হতো। তবে এক বছর পরই প্রতিষ্ঠানটি তাদের নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজের আওতায় মাসে সর্বোচ্চ ১৫ ঘণ্টা পর্যন্ত অডিওবুক শোনার সুযোগ যুক্ত করে, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
নতুন বই বিক্রির ফিচারটি পরিচালিত হবে ‘বুকশপ ডটঅর্গ’–এর অংশীদারিত্বে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিজ নিজ অঞ্চলের স্থানীয় ও স্বতন্ত্র বইয়ের দোকান থেকে সরাসরি বই কিনতে পারবেন। ফলে বড় অনলাইন বিক্রেতাদের পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও এই ব্যবস্থায় উপকৃত হবেন।
স্পটিফাই জানিয়েছে, অনেক ব্যবহারকারী প্রথমে অডিও সংস্করণে কোনো বই শোনেন এবং পরে সেটির ছাপানো কপি সংগ্রহ করতে আগ্রহী হন। সেই চাহিদা মাথায় রেখেই এই নতুন সুবিধা চালু করা হয়েছে। একই সঙ্গে প্রচলিত বই বিক্রেতাদের ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রতিষ্ঠানটি সচেতন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
এ প্রসঙ্গে স্পটিফাই এক বিবৃতিতে জানায়, “আমাদের লক্ষ্য প্রচলিত খুচরা বই বিক্রির ব্যবস্থা প্রতিস্থাপন করা নয়; বরং বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।” প্রতিষ্ঠানটি আরও বলেছে, এই অংশীদারিত্বের মাধ্যমে প্রকাশক, লেখক ও পাঠকের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে।
পাঠ অভিজ্ঞতাকে আরও সহজ ও আধুনিক করতে স্পটিফাই চালু করতে যাচ্ছে ‘পেইজ ম্যাচ’ নামের একটি নতুন টুল। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ছাপানো বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা স্ক্যান করে সরাসরি অডিওবুকের সেই অংশে যেতে পারবেন। একইভাবে, অডিওবুক শোনার সময় সেটি বইয়ের কোন পৃষ্ঠার সঙ্গে মিলছে, তাও দেখা যাবে।
স্পটিফাই বলেছে, “আমরা পড়ার ভবিষ্যৎকে এমনভাবে কল্পনা করি, যা হবে ব্যক্তিগত, নমনীয় এবং বিভিন্ন মাধ্যম ও সময়ের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার মতো। পেইজ ম্যাচ হচ্ছে সেই ভবিষ্যৎ গঠনের একটি প্রাথমিক ধাপ।”
প্রাথমিকভাবে এই সুবিধা ইংরেজি ভাষার অধিকাংশ বইয়ের জন্য চালু হবে এবং ধীরে ধীরে অন্যান্য ভাষাতেও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গত বছরের শেষ দিকে আইওএসে চালুর পর এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ‘অডিওবুক রিক্যাপস’ ফিচার নিয়ে আসছে স্পটিফাই। এই ফিচারের মাধ্যমে বিরতির পর বই শুনতে শুরু করলে আগের অংশের সংক্ষিপ্ত সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে।
