টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নতুন ঝামেলা: আইসিসি ও খেলোয়াড়দের দ্বন্দ্ব বৃদ্ধি
Share
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নতুন এক বিতর্কের মুখে পড়েছে। বিশ্বকাপ শুরুর মাত্র ছয় দিন আগে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ডব্লিউসিএ’র দাবি, খেলোয়াড়দের নাম, ছবি এবং বাণিজ্যিক অধিকার (NIL) সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছে আইসিসি।
ডব্লিউসিএ জানিয়েছে, ২০২৪ সালে আইসিসি এবং খেলোয়াড়দের মধ্যে স্বাক্ষরিত মূল চুক্তির শর্ত ভেঙে বেশ কিছু দেশের খেলোয়াড়দের কাছে ভিন্ন ও বৈষম্যমূলক অংশগ্রহণ শর্তনামা পাঠানো হয়েছে। এই শর্তনামায় খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য ও বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চাপানো হয়েছে, যা মূল চুক্তিতে ছিল না।
ডব্লিউসিএ চিঠি দিয়েও আইসিসিকে সতর্ক করেছে, কিন্তু আইসিসি তা প্রত্যাখ্যান করেছে। আইসিসির যুক্তি, ২০২৪ সালের চুক্তিটি শুধুমাত্র আটটি পূর্ণ ও সহযোগী সদস্য দেশের জন্য প্রযোজ্য। বাকি অংশগ্রহণকারী দেশগুলো এই চুক্তির আওতায় নেই।
২০২৪ সালের চুক্তির আওতায় থাকা দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ অংশগ্রহণ না করায় স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করা হয়েছে।
অন্যদিকে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল ডব্লিউসিএকে স্বীকৃতি দেয় না। তবে জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইতালির খেলোয়াড়রা এই সংস্থার অন্তর্ভুক্ত হলেও এখনও অনুমোদিত শর্তাবলি পাননি।
ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মতো একটি মূল্যবান ক্রিকেট জাতির না থাকা অত্যন্ত দুঃখজনক। আইসিসি সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত ছিল, কাউকে বাদ দেওয়া নয়।”
তিনি আরও বলেন, “ক্রিকেটের বর্তমান পরিচালনা ব্যবস্থায় গুরুতর সমস্যা দেখা দিয়েছে। এভাবে চললে মানুষের বিশ্বাস কমে যাবে এবং খেলাটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। আমরা চাই ক্রিকেটকে ভাগ না করে ঐক্যবদ্ধ রাখা হোক।”
বিশ্বকাপের আগে এই দ্বন্দ্ব ক্রিকেটের আন্তর্জাতিক পরিসরে আইসিসি বনাম খেলোয়াড় অধিকার বিষয়ক নতুন আলোচনার সূত্রপাত করেছে। খেলোয়াড় ও সংগঠনের মধ্যে সুষ্ঠু সমঝোতা ছাড়া বিশ্বকাপের মঞ্চেও এই বিতর্ক নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
