নিরাপত্তাজনিত কারণে ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
Share
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতের মাঠে খেলতে হবে। এই ঘোষণা আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকার ও আইসিসির সঙ্গে আলোচনা করতে ২৪ ঘণ্টার সময় চেয়েছিল। তবে সেই সময়ের মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকে। ভেন্যু পরিবর্তন না হলে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ খেলবে না—এটাই এখন চূড়ান্ত সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আইসিসি ভেন্যু না বদলালে আমরা ভারতে গিয়ে ম্যাচ খেলব না।”
এর পাশাপাশি বিসিবি তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ই-মেইল করেছে। ওই ই-মেইলে ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটিকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এই কমিটি আইসিসির কোনো সিদ্ধান্তে বিরোধ তৈরি হলে বিষয়টি নিষ্পত্তি করে। বিসিবি আশা করছে, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের বিষয়টি কমিটির কাছে পাঠাবে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানে, তবে ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না। প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাই শহরে।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। ক্রিকেটাররাও বিষয়টি বুঝেছেন এবং সরকারের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন। বৈঠকে আলোচনায় ক্রিকেটাররা বলেছেন, খেলোয়াড় হিসেবে মাঠে খেলাই তাঁদের দায়িত্ব, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের অভিভাবক সরকার ও বিসিবি।
উল্লেখ্য, ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে বাংলাদেশ দল জানায়, ভারতীয় মাঠে তারা খেলবে না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত। তবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। ভেন্যু পরিবর্তনের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের দাবি জানানো ও প্রক্রিয়া অব্যাহত থাকবে।
