২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই, আইসিসির সিদ্ধান্তে জায়গা পেল স্কটল্যান্ড
Share
দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, বিসিবির এই অনুরোধ খতিয়ে দেখতে তারা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করেছে। মূল্যায়নে স্পষ্টভাবে উঠে এসেছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দল কিংবা সংশ্লিষ্ট কারও জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এ কারণে প্রকাশিত সূচি পরিবর্তনের যৌক্তিকতা তারা দেখেনি।
আইসিসি আরও জানায়, টুর্নামেন্ট শুরুর সময় খুব কাছাকাছি চলে আসায় বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সংস্থাটি দাবি করেছে, এ বিষয়ে তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল। এর মধ্যে ভিডিও কনফারেন্স, সরাসরি বৈঠক এমনকি আইসিসির ভার্চ্যুয়াল বোর্ড সভাও অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ৩ জানুয়ারি উগ্রপন্থীদের হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। একে কেন্দ্র করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে পুরো দল ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা প্রকাশ করে।
এরপর ৪ জানুয়ারি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানানো হয়। কিন্তু ২১ জানুয়ারি অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভা শেষে জানানো হয়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে।
আইসিসির সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল—ভারতে গিয়ে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রশাসনিক ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল নির্বাচন করে।
বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, যারা টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অংশগ্রহণে ব্যর্থ দলগুলোর মধ্যে শীর্ষে ছিল। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।
এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে কঠোর হলেও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন আইসিসির নিরপেক্ষতা নিয়েও।
