শাবান মাসের গুরুত্ব ও রোজার নিয়ম – রমজানের প্রস্তুতি

Share শাবান মাসের গুরুত্ব ও রোজার নিয়ম – রমজানের প্রস্তুতি

শাবান মাস কোনো ‘হারাম মাস’ নয়, তবে ইসলামে এর গুরুত্ব অত্যন্ত। এটি মূলত রমজানের আধ্যাত্মিক প্রস্তুতির সময়। রাসুলুল্লাহ (সা.) এই মাসে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন, যা নির্দেশ করে যে রমজানের রোজার জন্য শরীর ও মনকে প্রস্তুত করা জরুরি।

শাবান মাসে রোজা ব্যক্তির পরিস্থিতি অনুযায়ী ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ ও হারাম—চারটি ভাগে বিবেচনা করা হয়।

১. ওয়াজিব বা আবশ্যক রোজা

শাবানে কিছু মানুষের জন্য রোজা রাখা আবশ্যক হতে পারে। এটি মূলত আগের বছরের কাজা রোজার সঙ্গে সম্পর্কিত। মুসাফির, অসুস্থ বা বিশেষ শারীরিক অবস্থায় থাকায় (যেমন গর্ভকাল বা ঋতুকাল) যারা রমজানের রোজা রাখতে পারেননি, তাদের জন্য শাবান মাসে তা পূর্ণ করা ওয়াজিব।

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, “আমার ওপর রমজানের কাজা রোজা বাকি থাকতো, যা শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা যেত না।” (সহিহ মুসলিম, হাদিস: ১১৪৬)

এছাড়া মান্নতের রোজা বা কাফফারার রোজা এই সময়ে আদায় করা যায়।

২. মুস্তাহাব বা পছন্দনীয় রোজা

শাবান মাসে নফল রোজা রাখা অত্যন্ত সুন্নত। রাসুলুল্লাহ (সা.) প্রায় পুরো মাসের অধিকাংশ সময়ই রোজা রাখতেন। আয়েশা (রা.) বলেন, “শাবান মাসে তিনি এত বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি আর ভোজন করবেন না।” (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৯)

৩. মাকরুহ বা অপছন্দনীয় রোজা

কিছু ফকিহগণ শাবানের শেষ ১৫ দিন রোজা রাখা মাকরুহ বা অপছন্দনীয় মনে করেছেন। তবে যারা আগেই রোজা শুরু করেছেন, তাদের জন্য এটি প্রযোজ্য নয়।

৪. হারাম বা নিষিদ্ধ রোজা

শাবানের নির্দিষ্ট কিছু দিনে রোজা রাখা হারাম।

  • রমজানের একদিন আগে রোজা: রমজানকে স্বাগত জানানোর উদ্দেশ্যে একদিন আগে রোজা রাখা নিষিদ্ধ। (সহিহ বুখারি, হাদিস: ১৯১৪)

  • সন্দেহের দিন: শাবানের ৩০তম দিন, যখন চাঁদ দেখা যায়নি, সেই দিনে রোজা রাখা হারাম। (সুনানে তিরমিজি, হাদিস: ৬৮৬)

শাবান মাস আমাদের শেখায় রমজানের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি নিতে। প্রধান কাজগুলো হওয়া উচিত:

  1. গত বছরের কাজা রোজা দ্রুত আদায় করা।

  2. বেশি নফল রোজা রাখা, তবে রমজানের ১-২ দিন আগে না।

  3. মন থেকে হিংসা ও শির্ক মুছে ফেলা।

  4. সহিহ সুন্নাহ অনুযায়ী ইবাদত করা।

আল্লাহ আমাদের শাবান মাসের পবিত্রতা রক্ষা করার এবং সহিহ সুন্নাহ অনুযায়ী ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo