শাবান মাসের ফজিলত ও করণীয়: রমজানের প্রস্তুতি
Share
শাবান মাস হলো মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সোপান। এটি রমজানের আগমনী বার্তা বয়ে আনে এবং মুমিনদের আধ্যাত্মিক প্রস্তুতির জন্য প্রেরণা যোগায়। এই মাসে সঠিক ইবাদত ও রোজা পালন করলে বরকত ও রহমত লাভের সম্ভাবনা আরও বৃদ্ধি পায়।
শাবান মাসের ফজিলত ও করণীয় আটটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো—
১. আমলনামা আল্লাহর দরবারে পেশ করা
শাবান মাসে বান্দাদের সারা বছরের আমলসমূহ মহান আল্লাহর দরবারে তুলে ধরা হয়। সাহাবি উসামা ইবনে জায়েদ (রা.) নবীজিকে (সা.) জিজ্ঞেস করলে তিনি বলেছেন, “আমি চাই আমার আমল সেই অবস্থায় পেশ হোক যখন আমি রোজা পালনকারী।” (সুনানে নাসায়ি, হাদিস: ২৩৫৭)
২. নবীজির (সা.) অধিক রোজা পালন
রাসুলুল্লাহ (সা.) রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আয়েশা (রা.) বর্ণনা করেছেন, “আমি নবী (সা.)-কে শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি।” (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৯)
৩. মধ্য শাবানে ক্ষমা
শাবানের মধ্যবর্তী রাতে (শবে বরাত) আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি নজর দেন এবং মুশরিক ও বিদ্বেষপোষী ব্যতীত সবাইকে ক্ষমা করেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৯০)
৪. শাবানের রোজার রহস্য
ইমাম ইবনে রজব (র.) বলেছেন, শাবানের রোজা হলো রমজানের পূর্বপ্রস্তুতি। এটি মুমিনকে রমজানের কষ্ট সহ্য করতে অভ্যস্ত করে এবং ইবাদতের মাধুর্য উপলব্ধি করায়।
৫. শেষার্ধের রোজা
যারা আগে থেকে রোজা রাখার অভ্যস্ত, তারা শাবানের শেষ ১৫ দিনও রোজা রাখতে পারবে। নতুনদের জন্য এটি সুন্নাহ পরিপন্থী। (ইবনে বাজ, মাজমু ফাতাওয়া, ১৫/৩৮৫)
৬. নির্দিষ্ট দিনের রোজা
শুধু ১৫ শাবানের দিনটিকে রোজার জন্য নির্দিষ্ট করা শরয়ি দলিলবিহীন ও মাকরুহ। (ইবনে তাইমিয়া, মাজমু আল-ফাতাওয়া, ১০/৩৮৫)
৭. উৎসব বা আলোকসজ্জা
শাবান মাসের পনেরো তারিখের রাতকে কেন্দ্র করে ঘটা করে উৎসব বা আলোকসজ্জা ইসলামি পণ্ডিতরা বিদআত বলেছেন।
৮. বিশেষ নামাজের প্রচলিত ধারণা
শবে বরাতে নির্দিষ্ট রাকাতের নামাজ বা পদ্ধতি কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই। সব বর্ণনা জাল বা অবিশ্বাসযোগ্য।
শাবান মাস আমাদের শেখায় রমজানের জন্য আত্মিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া, নফল রোজা পালন, মনকে পবিত্র করা এবং সহিহ সুন্নাহ মোতাবেক ইবাদত করা।
