শাবান মাস ২০২৬: রমজানের প্রস্তুতির পবিত্র মাস ও নফল রোজার গুরুত্ব

Share শাবান মাস ২০২৬: রমজানের প্রস্তুতির পবিত্র মাস ও নফল রোজার গুরুত্ব

ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান শুরু হয়েছে। এটি মূলত পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে। মুমিনদের জীবনে শাবান হলো প্রস্তুতির মাস, আত্মশুদ্ধির মাস এবং নফল ইবাদতের অনুশীলনের সময়। প্রাচীন আলেমগণ একটি চমৎকার উপমার মাধ্যমে এই মাসের গুরুত্ব বর্ণনা করেছেন। তাঁরা বলতেন,

“রজব মাস হলো বীজ বপনের সময়, শাবান হলো সেই বীজে পানি সেচ দিয়ে চারাগাছ বড় করার সময়, আর রমজান হলো ফসল কাটার মাস।”
(ইবনে রজব হাম্বলি, লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা: ১২১)

শাবান মাসে নফল রোজার ফজিলত

আল্লাহর রাসুল (সা.) শাবান মাসে বিশেষভাবে নফল রোজা রাখতেন। এটি রমজানের প্রতি শ্রদ্ধা ও দীর্ঘ সিয়াম সাধনার একটি প্রস্তুতি ছিল। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন,

“আমি আল্লাহর রাসুলকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে শাবানের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। প্রায় পুরো মাসই তিনি রোজা রাখতেন।”
(সুনানে তিরমিজি, হাদিস: ৭৩৭; সহিহ বুখারি, হাদিস: ১৯৬৯)

একবার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, রমজানের পর কোন মাসের রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? তিনি উত্তর দেন,

“রমজানের সম্মানার্থে শাবানের রোজা।”
(সুনানে তিরমিজি, হাদিস: ৬৬৩)

বার্ষিক আমলনামা ও সচেতনতার মাস

হাদিসের ভাষ্য অনুযায়ী, সাপ্তাহিক আমলনামা ছাড়াও পুরো বছরের আমলনামা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। তাই শাবান মাস সচেতনতা, আত্মসমালোচনা ও নেক আমলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আলেমরা এই মাসকে ‘কোরআন পাঠের মাস’ (শাহরুল কুররা) হিসেবেও গণ্য করতেন।

ওসামা ইবনে জায়েদ (রা.) বলেন,

“রজব ও রমজানের মধ্যবর্তী এই মাসে মানুষ গাফেল থাকে। এটি এমন একটি মাস, যেখানে সকল কর্মকাণ্ড উভয় জগতের প্রতিপালকের সামনে উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ হবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি।”
(সুনানে নাসাই, হাদিস: ২৩৫৭; মুসনাদে আহমাদ, হাদিস: ২১৭৫৩)

দান-সদকা ও কোরআন তেলাওয়াত

শাবান মাসে কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যারা রমজানে বেশি খতম দিতে চান, তারা এই মাস থেকেই তেলাওয়াতের সময় বাড়িয়ে দেন। পাশাপাশি দান-সদকাও গুরুত্বপূর্ণ। নবীজী (সা.) বলেছেন,

“সদকা পাপকে মিটিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়।”
(সুনানে তিরমিজি, হাদিস: ২৬১৬)

আলেমরা শাবান মাসে জাকাত আদায় করতেন, যাতে অভাবী মানুষরা রমজানের আগেই স্বচ্ছল হয় এবং শান্তিতে ইবাদত পালন করতে পারে।

কাজা রোজা ও ইস্তিগফার

যাঁদের আগের রমজানের কাজা রোজা বাকি আছে, তাদের জন্য শাবান মাস তা আদায়ের উপযুক্ত সময়। হজরত আয়েশা (রা.) বলেছেন,

“আমার ওপর রমজানের কাজা রোজা থাকত, যা শাবান ছাড়া আদায় করা সম্ভব হতো না।”
(সহিহ বুখারি, হাদিস: ১৯৫০)

এছাড়া এই মাসে বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ আমলনামা পেশের সময় আল্লাহর কাছে পবিত্র হয়ে উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজী (সা.) বলেছেন,

“সুসংবাদ তার জন্য, যে তার আমলনামায় অনেক বেশি ইস্তিগফার পেয়েছে।”
(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮১৮)

শাবান মাসে করণীয়

  • অধিক হারে নফল রোজা রাখা, বিশেষ করে সোম ও বৃহস্পতিবার ও আইয়ামে বিজের (১৩, ১৪, ১৫)

  • কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা

  • দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো

  • তওবা ও ক্ষমা প্রার্থনা

শাবান মাস হলো মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ। যারা এই মাসে অবহেলা করবে, তারা রমজানের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসে বেশি নেক আমল করার তাওফিক দান করুন এবং রমজানের জন্য কবুল করুন। আমিন।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo