ফজরের নামাজ কেন সর্বশ্রেষ্ঠ? জানুন দুনিয়া ও আখিরাতে এর অসীম ফজিলত
Share
মহান আল্লাহর নৈকট্য লাভের যত ইবাদত ও মাধ্যম রয়েছে, তার মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ। আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফজরের নামাজের মর্যাদা ও গুরুত্ব সবচেয়ে বেশি বলে উল্লেখ করেছেন ইসলামি চিন্তাবিদরা। দিনের সূচনালগ্নে এই ইবাদতের গুরুত্ব এতটাই গভীর যে, মহান আল্লাহ পবিত্র কোরআনে সময়ের শপথ করতে গিয়ে বিশেষভাবে বলেছেন, “শপথ ফজরের।” (সুরা ফাজর, আয়াত: ১)
ফজরের নামাজের এই বিশেষত্বের অন্যতম কারণ এর সময়। যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, আর আরামদায়ক বিছানা ত্যাগ করা সবচেয়ে কঠিন—ঠিক তখনই একজন মুমিন কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় ঘুম ভেঙে নামাজে দাঁড়িয়ে যান। ইসলামি শরিয়তের মূলনীতি হলো—যেখানে কষ্ট বেশি, সেখানে প্রতিদানও বেশি।
এ প্রসঙ্গে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, “তোমার কষ্টের পরিমাণ অনুযায়ীই তোমার প্রতিদান নির্ধারিত হবে।” (আল-মুসতাদরাক)
দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ
ফজরের ফরজ নামাজ তো অপরিসীম গুরুত্বের অধিকারীই বটে, তবে এর আগে আদায়কৃত দুই রাকাত সুন্নতের মর্যাদাও অতুলনীয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে—সবকিছুর চেয়েও উত্তম।” (সহিহ মুসলিম)
তিনি সফর কিংবা অবস্থান—কোনো পরিস্থিতিতেই এই সুন্নত ত্যাগ করতেন না। এটি প্রমাণ করে, ফজরের নামাজ আল্লাহর কাছে কতটা প্রিয়।
আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকা
যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর বিশেষ তত্ত্বাবধান ও নিরাপত্তার অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর জিম্মায় চলে গেল।” (সহিহ মুসলিম)
ইমাম কুরতুবি ব্যাখ্যা করে বলেন, আল্লাহর জিম্মায় থাকা মানে তাঁর আশ্রয় ও নিরাপত্তায় থাকা—এমন ব্যক্তিকে কষ্ট দেওয়া মারাত্মক অপরাধ।
ফেরেশতাদের উপস্থিতির সময়
ফজরের নামাজ এমন একটি ইবাদত, যেখানে আসমানের ফেরেশতারাও উপস্থিত থাকেন। কোরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই ফজরের নামাজ হলো উপস্থিতির সময়।” (সুরা ইসরা, আয়াত: ৭৮)
হাদিসে এসেছে, রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতারা এই সময় একত্র হন এবং নামাজিদের সঙ্গে জামাতে অংশ নেন। ফলে ফজরের নামাজ হয়ে ওঠে এক অনন্য আসমানি সাক্ষ্যের মুহূর্ত।
কেয়ামতের দিনে পূর্ণ নুর
রাতের অন্ধকার ভেদ করে যারা ফজরের নামাজে মসজিদের পথে হাঁটেন, তাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। রাসুল (সা.) বলেছেন, “রাতের অন্ধকারে মসজিদে গমনকারীদের কেয়ামতের দিন পূর্ণ নুরের সুসংবাদ দাও।” (সুনানে আবু দাউদ)
এই নুরই হাশরের মাঠ ও পুলসিরাতে হবে তাদের পথপ্রদর্শক।
জান্নাতের প্রতিশ্রুতি
ফজরের নামাজ নিয়মিত আদায় করা জান্নাত লাভের এক দৃঢ় মাধ্যম। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।” (সহিহ মুসলিম)
এই দুই নামাজকে হাদিসে ‘বারদাইন’ বলা হয়েছে—যার পুরস্কার সরাসরি জান্নাত।
মোনাফেকি থেকে মুক্তির আলামত
ফজরের নামাজ জামাতে আদায় করা একজন প্রকৃত মুমিনের পরিচায়ক। কারণ মোনাফেকদের কাছে ফজর ও ইশার নামাজ সবচেয়ে ভারী মনে হয়। রাসুল (সা.) স্পষ্ট করে বলেছেন, তারা যদি এই নামাজের ফজিলত জানত, তবে হামাগুড়ি দিয়েও এতে অংশ নিত।
সারা রাত ইবাদতের সওয়াব
ফজরের জামাতে শরিক হওয়া মানে শুধু একটি নামাজ নয়—বরং পুরো রাত ইবাদতের সওয়াব লাভ। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ইশা ও ফজর জামাতে পড়ল, সে যেন পুরো রাত নামাজ আদায় করল।” (সহিহ মুসলিম)
এই শিক্ষাই ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) বাস্তবে তুলে ধরেছিলেন। তাঁর ভাষায়, “সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে আদায় করা আমার কাছে বেশি প্রিয়।”
ফজরের নামাজ তাই কেবল একটি ফরজ ইবাদত নয়—বরং ইমান, জান্নাত ও আল্লাহর নৈকট্যের এক অতুলনীয় চাবিকাঠি।
