মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি: পানির বোতল থেকে অগ্ন্যাশয়ের স্বাস্থ্য ঝুঁকি
Share
দৈনন্দিন জীবনে ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য প্লাস্টিক পাত্রে থাকা ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক অগ্ন্যাশয়ের কোষে মারাত্মক ক্ষতি ঘটাতে পারে—এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে নতুন গবেষণা।
বিএমসি জিনোমিক্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, পলিথিন টেরেফথালেট (পিইটি) নামক ক্ষুদ্র প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করলে অগ্ন্যাশয়ের প্রোটিন স্তর ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়।
গবেষকরা শূকরের ওপর পরীক্ষা পরিচালনা করেছেন, কারণ শূকরের বিপাকীয় প্রক্রিয়া ও অগ্ন্যাশয়ের গঠন মানুষের সঙ্গে অত্যন্ত মিল রয়েছে। পরীক্ষায় মাইক্রোপ্লাস্টিকের কম এবং বেশি মাত্রার প্রভাব পর্যবেক্ষণ করা হয়েছে। ফলাফল দেখায়, উচ্চমাত্রায় প্লাস্টিকের সংস্পর্শে অগ্ন্যাশয়ের ১৭টি ভিন্ন প্রোটিন ক্ষতিগ্রস্ত হয়, যেখানে স্বল্প মাত্রায় প্রভাবিত হয় ৭টি প্রোটিন।
প্রোটিনের পরিবর্তনের পাশাপাশি প্লাস্টিকের কারণে অগ্ন্যাশয়ে চর্বি জমা এবং দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশনের লক্ষণও লক্ষ্য করা গেছে।
বিজ্ঞানীরা মাইক্রোপ্লাস্টিককে একটি উদীয়মান পরিবেশগত হুমকি হিসেবে বর্ণনা করেছেন, যা শরীরের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে। এর আগে মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতা, প্রজনন সমস্যা, পরিপাকতন্ত্রের জটিলতা এবং ক্যানসারের সম্পর্ক পাওয়া গিয়েছিল। এই নতুন গবেষণা সরাসরি প্রমাণ দেয় যে, মাইক্রোপ্লাস্টিক অগ্ন্যাশয়ের স্বাভাবিক কার্যকারিতায় বিরূপ প্রভাব ফেলতে পারে।
স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার
যেহেতু পানির বোতলসহ দৈনন্দিন জীবনের অসংখ্য পণ্যে পিইটি প্লাস্টিক ব্যবহৃত হয়, তাই স্বাস্থ্যঝুঁকি বিশাল জনগোষ্ঠীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক দূষণ শুধু মানুষের স্বাস্থ্যকেই হুমকির মুখে ফেলে না, বরং সামগ্রিক পরিবেশ ও সামুদ্রিক বাস্তুসংস্থানের জন্যও বড় ধরণের হুমকি।
প্লাস্টিক বর্জ্য পরিবেশে ভেঙে গেলে বিষাক্ত পদার্থ ছড়িয়ে দেয়, যা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পুনরায় মানুষের দেহে প্রবেশ করতে পারে। এই কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্লাস্টিক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ, পুনঃব্যবহারযোগ্য বোতল ব্যবহার এবং প্লাস্টিক পাত্রে খাবার গরম করার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন।
বিজ্ঞানীদের সতর্কবার্তা
গবেষকরা সতর্ক করেছেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারী নীতি ও আইন প্রণয়ন অত্যন্ত জরুরি। প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও নিরাপদ প্রতিস্থাপনের মাধ্যমে অগ্ন্যাশয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব।
ফলে, প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন যেমন — পুনঃব্যবহারযোগ্য বোতল ব্যবহার করা, প্লাস্টিক পাত্রে গরম খাবার না রাখা, এবং প্লাস্টিক ব্যাগ ও পাত্র কম ব্যবহার করা—এই মারাত্মক ঝুঁকি অনেকাংশে কমাতে পারে।
মাইক্রোপ্লাস্টিক শুধু পরিবেশের নয়, আমাদের শরীরের জন্যও একটি অদৃশ্য শত্রু। তাই সময়মতো সচেতন হওয়া এবং স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া আমাদের দায়িত্ব।
