সিনার্স সিনেমা ইতিহাস গড়ল: ২৪টি বিভাগের মধ্যে ১৬টিতে অস্কার মনোনয়ন

Share সিনার্স সিনেমা ইতিহাস গড়ল: ২৪টি বিভাগের মধ্যে ১৬টিতে অস্কার মনোনয়ন

রায়ান কুগলারের ভ্যাম্পায়ার থ্রিলার ছবি ‘সিনার্স’ ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস গড়েছে। ২৪টি বিভাগের মধ্যে সেরা চলচ্চিত্রসহ ১৬টিতে মনোনয়ন পেয়েছে এই সিনেমা। বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মার্কিন অভিনেতা ড্যানিয়েল ব্রুকসলুইস পুলম্যান সরাসরি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেন।

সিনার্সের পর ১৩টি মনোনয়ন পেয়েছে পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়া ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম, সেন্টিমেন্টাল ভ্যালু ও হ্যামনেট যথাক্রমে ৯, ৯, ৯ ও ৮টি মনোনয়নের সঙ্গে তালিকায় অবস্থান করছে।

সিনার্সের বিশেষত্ব হলো, এটি শুধুমাত্র সেরা চলচ্চিত্র নয়; বরং পরিচালক, প্রধান অভিনেতা, পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, অ্যাডাপটেড চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক স্কোর, রূপসজ্জা ও কাস্টিং—এই ১৬টি শাখায় মনোনয়ন পেয়েছে। এর আগে ৯৭ বছরের একাডেমি ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র ‘অল অ্যাবাউট ইভ’, ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’ সিনেমার দখলে ছিল।

সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে—বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স ও ট্রেন ড্রিমস।

সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন—ক্লোয়ি ঝাও (‘হ্যামনেট’), জশ সাফদি (‘মার্টি সুপ্রিম’), পল টমাস অ্যান্ডারসন (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইওয়াকিম ট্রিয়ার (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) ও রায়ান কুগলার (‘সিনার্স’)।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন—টিমোথি শালামে (‘মার্টি সুপ্রিম’), লিওনার্দো ডিক্যাপ্রিও (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইথান হক (‘ব্লু মুন’), মাইকেল বি জর্ডান (‘সিনার্স’) ও ওয়াগনার মৌরা (‘দ্য সিক্রেট এজেন্ট’)।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন—জেসি বাকলি (‘হ্যামনেট’), রোজ বার্ন (‘ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ’), কেট হাডসন (‘সং সাং ব্লু’), রেনাটা রেইনসভে (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) ও এমা স্টোন (‘বুগোনিয়া’)।

আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পুরস্কার প্রদান অনুষ্ঠান।
সিনার্সের রেকর্ড মনোনয়ন বিশ্ব সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং এবারের অস্কারের জন্য এটি সবচেয়ে আলোচিত সিনেমা হয়ে উঠেছে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo