রোহিত শেঠির বাড়িতে গুলি: দায় স্বীকার, বিষ্ণোই গ্যাং সদস্য শুভম লোনকর ‘ওয়ান্টেড’

Share রোহিত শেঠির বাড়িতে গুলি: দায় স্বীকার, বিষ্ণোই গ্যাং সদস্য শুভম লোনকর ‘ওয়ান্টেড’

বলিউডের জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। হামলার দায় স্বীকার করার পর বিষ্ণোই গ্যাংয়ের কথিত সদস্য শুভম লোনকরকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গত রোববার তিনি এই হামলার দায় নেন। এরপর থেকেই মুম্বাই পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তাঁর সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে


পুলিশের ধারণা, রোহিত শেঠির নির্মাণাধীন একটি সিনেমাকেই কেন্দ্র করে তিনি বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আসতে পারেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনের ওপর নির্মিতব্য চলচ্চিত্রটি এই হামলার পেছনে সম্ভাব্য কারণ হতে পারে। যদিও এখনো এ বিষয়ে কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি

হামলার সময় ও প্রস্তুতির বিবরণ

গত শনিবার গভীর রাতে, রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে, জুহু এলাকার ‘শেঠি টাওয়ার’-এর বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার সঙ্গে একজন শুটার জড়িত ছিলেন, যিনি গুলি চালানোর আগে ধূমপান করছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি কয়েক দিন আগে পুনে থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন, যা অন্য একজনের নামে নিবন্ধিত ছিল। হামলার আগে তিনি এলাকায় একাধিকবার রেকি করেন এবং পালানোর পথের একটি পরিকল্পিত মানচিত্র তৈরি করেন

এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী,

“একটি গুলি বারান্দার সেফটি গ্লাসে, দুটি প্রথম তলার দেয়ালে এবং বাকি দুটি ভবনের প্রবেশপথের সুরক্ষা দেয়ালে লাগে।”

পালানোর পথ ও গ্রেপ্তার

গুলিবর্ষণের পর শুটার বাইকে করে পালিয়ে যান। টিউলিপ স্টার হোটেল মোড়ে পুলিশের নাকাবন্দি দেখে তিনি দিক পরিবর্তন করেন। পরে জুহু চার্চ এলাকায় বাইক ফেলে অটো ও ট্রেন বদলে পুনে পালিয়ে যান

তদন্তে পরিত্যক্ত বাইকটি উদ্ধার করে পুলিশ। নম্বর প্লেটের সূত্র ধরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যারা মূল শুটারকে আশ্রয় ও তথ্য দিয়ে সহায়তা করেছিলেন বলে অভিযোগ। আদালত তাঁদের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

সালমান খানের ঘটনায় মিল পাচ্ছে পুলিশ


রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ‘কার্যপদ্ধতি’ সালমান খানের বাড়িতে আগের হামলার সঙ্গে মিল রয়েছে।

দুটি ঘটনাই বর্তমানে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে, যা বিষয়টিকে আরও গুরুত্ব দিয়েছে।

রাকেশ মারিয়ার জীবনী ও সিনেমার প্রসঙ্গ

পুলিশ জানিয়েছে, রাকেশ মারিয়ার লেখা ‘When It All Began’‘Let Me Say It Now’ বইয়ের স্বত্ব কিনেছেন রোহিত শেঠি। এই জীবনী অবলম্বনে নির্মিতব্য ছবিতে জন আব্রাহাম রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করছেন। যদিও এই ছবির সঙ্গে হামলার সরাসরি কোনো যোগসূত্র এখনো নিশ্চিত হয়নি

লোনকর দেশের বাইরে? পুলিশের ধারণা

পুলিশের ধারণা, শুভম লোনকর বর্তমানে দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন—সম্ভবত নেপাল বা অন্য কোনো দেশে। তিনি এর আগেও এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।

রোহিত শেঠি পুরো ঘটনায় তদন্তে সহযোগিতা করছেন এবং নিরাপত্তাজনিত কারণে আপাতত সব কর্মসূচি বাতিল করেছেন। বর্তমানে মামলাটি তদন্তে ১২টি বিশেষ দল কাজ করছে, আর পুরো বলিউডজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo