দেবের বিপরীতে শুভশ্রীর প্রত্যাবর্তন, রাজ চক্রবর্তীর পরিণত মন্তব্যে আলোচনায় টলিপাড়া
Share
‘ধুমকেতু’ ছবির সাফল্যের পর বাংলা সিনেমার স্বার্থে আবারও প্রাক্তন প্রেমিক দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় দেব–শুভশ্রীর প্রেম ও অনস্ক্রিন রসায়ন ছিল টলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। পর্দার জনপ্রিয় এই জুটির সম্পর্ক যে বাস্তব জীবনেও গভীর হয়েছিল, তা অজানা নয় কারও কাছেই।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলেছে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং দুই সন্তানের মা। ব্যক্তিগত জীবনে স্থিতিশীল হলেও, পেশাগত জায়গায় আবারও দেবের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেবের ৫১তম ছবির নায়িকা হিসেবে শুভশ্রীর এই প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও টলিপাড়ায়।
কাকতালীয়ভাবে, দেব–শুভশ্রীর ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল রাজ চক্রবর্তীর পরিচালনায়। সেই সময়ের নীরব সাক্ষী ছিলেন রাজ নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ বলেন, “আমারও একসময় মনে হয়েছিল, ওদের বিয়ে হলে হয়তো ভালোই হতো।” রাজের এই মন্তব্য ফের আলোচনায় এনে দিয়েছে পুরনো ‘দেশু’ অধ্যায়।
তবে এখানেই থেমে থাকেননি তিনি। স্ত্রীর প্রাক্তন সম্পর্ক নিয়ে অত্যন্ত পরিণত ও স্পষ্ট ভাষায় রাজ আরও বলেন, “কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল, আর আমিও ওর কপালে ছিলাম। আমরা খুব হ্যাপি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও নিশ্চয়ই খুব সুখী থাকবে। দেব খুব ভালো ছেলে।”
রাজ চক্রবর্তীর এই সংযত ও স্পোর্টিং মন্তব্য টলিপাড়ায় প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, স্ত্রীর অতীত সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। বিশেষ করে যখন সেই প্রাক্তনের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করছেন জীবনসঙ্গী—তখন বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে।
এক সময় দেব–শুভশ্রী মানেই ছিল বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা। সেই জনপ্রিয়তা বাস্তব সম্পর্কেও রূপ নিয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। পরে শুভশ্রীর জীবনে আসেন রাজ চক্রবর্তী, যাঁর সঙ্গে তিনি এখন সুখী সংসার করছেন।
নেটিজেনদের বড় একটি অংশ রাজের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, তিক্ততা পেছনে ফেলে পরিণত দৃষ্টিভঙ্গিতে জীবনসঙ্গীর অতীতকে সম্মান করাই প্রকৃত ভালোবাসার পরিচয়। দেব–শুভশ্রীর নতুন কাজ দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটিই এখন দেখার বিষয়।
