নতুন সার্টিফিকেশন বোর্ড গঠনের এক সপ্তাহের মাথায় খিজির হায়াত খানের পদত্যাগ

Share নতুন সার্টিফিকেশন বোর্ড গঠনের এক সপ্তাহের মাথায় খিজির হায়াত খানের পদত্যাগ

নতুন করে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম শুরুর এক সপ্তাহ না পেরোতেই পদত্যাগ করেছেন বোর্ডের অন্যতম সদস্য ও চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান। গত সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে তাঁর দ্বিতীয় দফা পদত্যাগ।

খিজির হায়াত খান জানিয়েছেন, বোর্ডে তাঁর নাম অন্তর্ভুক্ত করার আগে তাঁর কোনো সম্মতি নেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগও করা হয়নি। বিষয়টি জানতে পেরে তিনি হতাশা প্রকাশ করেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এদিকে সার্টিফিকেশন বোর্ডের অন্তত তিনজন সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পর তাঁরা বোর্ডে নিজেদের নাম দেখতে পান। তাঁদের কারও কাছ থেকেই আগে কোনো সম্মতি নেওয়া হয়নি। বোর্ড গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমন্বয়ের ঘাটতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সদস্য জানান, আগের বোর্ডেও সম্মতি ছাড়াই তাঁর নাম যুক্ত করা হয়েছিল। তখন তিনি পদত্যাগ করতে চাইলেও শেষ পর্যন্ত করেননি। তবে নতুন বোর্ডেও একইভাবে নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন। তাঁর ভাষায়, “নাম দেওয়ার আগে অন্তত আমার সঙ্গে আলাপ করা যেত।”

বোর্ডের আরেক সদস্য জানান, আগের বোর্ড থেকে যিনি পদত্যাগ করেছিলেন, তাঁর সঙ্গে পরবর্তী বোর্ডে নাম অন্তর্ভুক্ত করার আগে আলোচনা না করাটা সমন্বয়হীনতারই প্রতিফলন। এতে বোর্ডের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আবদুর রহমান বলেন, বোর্ড গঠনের প্রক্রিয়ায় সার্টিফিকেশন বোর্ডের কোনো ভূমিকা নেই। এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২) শারমিন আখতার জানান, এ বিষয়ে উপসচিব (চলচ্চিত্র-১) তসলিমা নূর হোসেনের সঙ্গে কথা বলতে হবে। তবে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গঠিত আগের সেন্সর বোর্ড থেকেও সম্মতি ছাড়াই নাম যুক্ত করার অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন খিজির হায়াত খান। একই অভিযোগে সে সময় পদত্যাগ করেন পরিচালক আশফাক নিপুনও। নতুন বোর্ড গঠনের পর আবারও একই ধরনের ঘটনা সামনে আসায় চলচ্চিত্র অঙ্গনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo