অরিজিৎ সিং সিনেমার গান ছাড়লেন কেন? অবসরের কারণ জানালেন গায়ক
Share
বলিউড সংগীতপ্রেমীদের জন্য বড় ধাক্কা। সিনেমার গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভবিষ্যতে তাঁকে আর সিনেমার গানে পাওয়া যাবে না। এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা ও জল্পনা।
মঙ্গলবার রাত থেকে অরিজিৎ সিংকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে যাচ্ছে। ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামে ঘুরেফিরে একটি প্রশ্নই সামনে আসছে—হঠাৎ কেন সিনেমার গান থেকে অবসর নিলেন অরিজিৎ সিং?
উল্লেখ্য, কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’–এর দেশাত্মবোধক গান ‘মাতৃভূমি’। গানটিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানটি প্রকাশের পর বেশ প্রশংসাও কুড়িয়েছে। তাই এই ঘোষণাকে অনেকেই ‘আচমকা সিদ্ধান্ত’ বলে মনে করছেন।
তবে অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিষয়টি মোটেও হঠাৎ নয়। বরং দীর্ঘদিন ধরেই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন। তাঁর কাছের মানুষদের দাবি, সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে নিজের ওপর চাপ কমাতে এবং ভিন্ন পথে এগোতেই এই সিদ্ধান্ত।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট বলে দাবি করা একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যদিও পোস্টটির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তাতে প্লেব্যাক গান থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
ভাইরাল হওয়া সেই পোস্টে লেখা রয়েছে,
“এর পেছনে একটিমাত্র কারণ নেই। একাধিক কারণ রয়েছে। অনেক দিন ধরেই আমি এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসটা পেলাম। কারণগুলোর একটি খুবই সহজ—আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। একই গান বারবার গাওয়ার সময় আমি নিজেই বিরক্ত হয়ে পড়ি। তাই মঞ্চে গান গাওয়ার সময় প্রতিবার অ্যারেঞ্জমেন্ট বদলাই। সোজা কথায়, আমি ক্লান্ত হয়ে গেছি।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট, সৃষ্টিশীল একঘেয়েমি এবং মানসিক ক্লান্তিই হয়তো তাঁকে এই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
যদিও সিনেমার গান থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং, তবে সংগীতজগৎ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন—এমন কোনো ইঙ্গিত তিনি দেননি। বরং ভক্তদের ধারণা, ভবিষ্যতে লাইভ শো, স্বাধীন গান কিংবা ভিন্ন ধারার সংগীতে তাঁকে আরও বেশি দেখা যেতে পারে।
অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত সংগীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আবেগঘন ও আলোচিত একটি অধ্যায়। এখন দেখার বিষয়, নতুন কোন পথে হাঁটেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী।
