অস্কারের ট্রফি নয়, দীর্ঘ ক্যারিয়ারই আসল লক্ষ্য— বললেন আমান্ডা সেফ্রিড
Share
হলিউডে কাজ করা প্রায় প্রতিটি তারকারই স্বপ্ন থাকে একদিন অস্কারের সোনালি ট্রফি হাতে তোলার। এই পুরস্কারকে অভিনয়শিল্পীদের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবেই ধরা হয়। তবে এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। তার মতে, অস্কার পাওয়া তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়; বরং একজন শিল্পী হিসেবে দীর্ঘদিন ক্যারিয়ারে টিকে থাকাটাই আসল সাফল্য।
২০২১ সালে প্রথমবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন আমান্ডা সেফ্রিড। ডেভিড ফিঞ্চার পরিচালিত আলোচিত সিনেমা ‘মাল্ক’-এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হন তিনি। যদিও সে বছর পুরস্কারটি তার ঝুলিতে আসেনি, তবুও সমালোচক ও দর্শকদের প্রশংসা পেয়েছিলেন আমান্ডা।
গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা— ‘দ্য টেস্টিমেন্ট অব অ্যান লি’ এবং ‘দ্য হাউসমেইড’। এই দুটি ছবিতেই তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘অ্যান লি’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন। ফলে চলতি বছরের অস্কারে তার নাম আবারও মনোনয়নের তালিকায় থাকতে পারে—এমন গুঞ্জন ইতোমধ্যেই ছড়িয়েছে।
আগামী ২২ জানুয়ারি এবারের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। তার আগেই আমান্ডা সেফ্রিডকে নিয়ে আলোচনার পারদ চড়তে শুরু করেছে হলিউডে। তবে নিজে এই পুরস্কার নিয়ে কতটা আশাবাদী—সে বিষয়ে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কার-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
অস্কার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আমান্ডা সেফ্রিড বলেন, “যদি অস্কার পাই, সেটা অবশ্যই ভালো লাগবে। কিন্তু সত্যি বলতে কী, অস্কারের কোনো প্রয়োজন আমার নেই। একজন শিল্পীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘ সময় ধরে নিজের ক্যারিয়ার ধরে রাখা।”
তিনি আরও বলেন, “আমি অস্কার জেতা ছাড়াই এত দূর আসতে পেরেছি। নিয়মিত ভালো কাজ করতে পেরেছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতেও আমি আরও এগিয়ে যেতে চাই।”
আমান্ডা সেফ্রিডের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, পুরস্কারের পেছনে না ছুটে কাজের প্রতি এই ধরনের দায়বদ্ধতাই একজন শিল্পীকে সত্যিকারের সফল করে তোলে।
