রুয়েটে ভর্তি যুদ্ধ আজ: ১,২৩৫ আসনের বিপরীতে লড়ছেন ১৮ হাজারের বেশি শিক্ষার্থী
Share
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
রুয়েট সূত্রে জানা গেছে, ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এবারই প্রথম রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র এবং আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আগেই এসব তথ্য সংগ্রহ করেছেন বলে জানিয়েছে ভর্তি কমিটি।
প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, মোট ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৪৭৭ জন। অন্যদিকে বুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষা দুটি গ্রুপ—‘ক’ ও ‘খ’-এর অধীনে ১৪টি বিভাগের জন্য অনুষ্ঠিত হচ্ছে।
‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে রুয়েট ও বুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই গ্রুপে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। একই দিনে রুয়েট ক্যাম্পাসে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন ৬৭০ জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি বহন করতে হবে। অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন বা ব্যাগ পরীক্ষাকক্ষে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় রুয়েট দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে ভর্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সন্দেহভাজন সব কার্যক্রম গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে রুয়েট প্রশাসন।
রুয়েটের ভর্তি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে। আজকের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রকৌশলী নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হতে যাচ্ছে।
