প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশ হতে পারে
Share
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ বুধবার প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) একাধিক নির্ভরযোগ্য সূত্র আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব কারিগরি কাজ ও যাচাই-বাছাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
ডিপিইর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফলাফল প্রকাশের জন্য প্রশাসনিক প্রক্রিয়াগুলোও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ যেকোনো সময় ফলাফল অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হতে পারে। কারিগরি কোনো জটিলতা তৈরি না হলে আজই ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে নিজ নিজ ফলাফল জানতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (SMS) মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
দীর্ঘ অপেক্ষার পর এই ফলাফল প্রকাশিত হতে চলায় দেশের প্রায় ১০ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে তীব্র উৎকণ্ঠা ও কৌতূহল দেখা দিয়েছে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে রেকর্ডসংখ্যক চাকরিপ্রার্থী অংশ নেন। ডিপিই জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ ও নির্ভুল রাখতে মেধাভিত্তিক মূল্যায়ন এবং একাধিক স্তরের যাচাই-বাছাই করা হয়েছে।
অধিদপ্তরের দাবি, রাজনৈতিক বা বাহ্যিক কোনো প্রভাব ছাড়াই সম্পূর্ণ মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তাই ফলাফল প্রকাশের পর কোনো ধরনের সংশয় বা অনিয়মের অভিযোগ ওঠার সুযোগ নেই বলেও মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষা শুরুর পরপরই বিতর্কে জড়িয়ে পড়ে। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রশ্নপত্র ডিজিটাল মাধ্যমে বাইরে চলে আসে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ‘কেন্দ্র কন্ট্র্যাক্ট’ ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একটি অংশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভও করেন।
এসব বিতর্কের মধ্যেও আজ চূড়ান্ত ফল প্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে। ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ডিপিই।
