আয়কর রিটার্নে ক্রেডিট কার্ড ও জীবনযাপনের খরচ দেখাবেন যেভাবে

Share আয়কর রিটার্নে ক্রেডিট কার্ড ও জীবনযাপনের খরচ দেখাবেন যেভাবে

সারা বছর নানা প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা, বিল পরিশোধ কিংবা ভ্রমণের খরচ মেটান অনেকেই। এসব খরচ অনেক সময় নগদের চেয়েও বেশি হয়। তবে বছর শেষে যখন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আসে, তখন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে করা ব্যয়ের হিসাবও দেখাতে হয়। এমনকি দেশ-বিদেশে ঘোরাঘুরির খরচও আয়কর বিবরণীতে উল্লেখ করা বাধ্যতামূলক।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় করদাতার জীবনযাপনের ধরন জানতে চায়। সে কারণে রিটার্ন ফরম আইটি-১১গ (২০২৩)-এ জীবনযাপন-সংশ্লিষ্ট ব্যয়ের একটি আলাদা বিবরণী যুক্ত করা হয়েছে। এখানে করদাতাকে খাতভিত্তিক ব্যয়ের তথ্য দিতে হয়। যদি কোনো খরচ পরিবারের অন্য সদস্য বহন করে থাকেন, সেটিও মন্তব্যের ঘরে উল্লেখ করার সুযোগ রয়েছে।

এনবিআর করদাতার সারা বছরের ব্যয়কে মোট ৯টি ভাগে ভাগ করেছে। আয়কর রিটার্নে এসব খরচের তথ্য সঠিকভাবে উল্লেখ করা জরুরি।

সংসার খরচ
এটি ব্যক্তিগত ও পারিবারিক ভরণপোষণের খরচ। সারা বছর সংসার চালাতে কত ব্যয় হয়েছে, তা জানাতে হয়। কর কর্মকর্তারা এই তথ্যের মাধ্যমে করদাতার জীবনযাত্রার মান যাচাই করেন।

বাড়িভাড়া ও আবাসন ব্যয়
ভাড়ায় থাকলে বার্ষিক ভাড়ার পরিমাণ এবং বাড়ি রক্ষণাবেক্ষণের খরচ দেখাতে হয়। নিজের বাড়ি হলে রক্ষণাবেক্ষণ ব্যয়ের হিসাব দিতে হয়, যাতে আয়ের সঙ্গে আবাসন ব্যয়ের সামঞ্জস্য বোঝা যায়।

গাড়ি সংক্রান্ত খরচ
গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ, কর, বীমা ও ড্রাইভারের বেতনসহ সব খরচ উল্লেখ করতে হয়। আয়ের সঙ্গে গাড়ির ব্যয় কতটা যৌক্তিক, সেটিও এখানে বিবেচনায় আসে।

গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেট বিল
বিদ্যুৎ, গ্যাস, পানি, মোবাইল ও ইন্টারনেট বিলের বার্ষিক হিসাব রাখতে হবে, কারণ এগুলোও জীবনযাপনের ব্যয়ের অংশ।

সন্তানের পড়াশোনার খরচ
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফি ও অন্যান্য শিক্ষা ব্যয় উল্লেখ করতে হয়। আয়ের তুলনায় শিক্ষা ব্যয় অস্বাভাবিক হলে তা কর কর্মকর্তাদের নজরে আসে।

দেশ-বিদেশে ভ্রমণ ব্যয়
দেশীয় পর্যটন কিংবা বিদেশ ভ্রমণে নগদ বা ক্রেডিট কার্ডে করা সব খরচ দেখাতে হবে।

উৎসব-পার্বণের খরচ
ঈদ, পূজা, নববর্ষসহ বিভিন্ন উৎসবে নিজের ও পরিবারের জন্য করা কেনাকাটার ব্যয় আয়কর নথিতে উল্লেখযোগ্য।

উৎসে কর্তিত ও পরিশোধিত কর
সারা বছর উৎসে কর্তিত কর, সঞ্চয়পত্রের কর এবং আগের বছরের আয়কর ও সারচার্জের তথ্য দিতে হয়।

ঋণের সুদ
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের বিপরীতে পরিশোধিত সুদের হিসাবও রিটার্নে অন্তর্ভুক্ত করতে হবে।

সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে ভবিষ্যতে করসংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব।

© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo