কুষ্টিয়ার হাসপাতাল নিয়ে কঠোর বার্তা এমপি আমির হামজার: “ওপরওয়ালা এখন আমি”
Share
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজা নিজ নির্বাচনী এলাকার সরকারি হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালকে ঘিরে যেসব লিখিত অভিযোগ পাওয়া গেছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত পরিবর্তনের জন্য সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় হাসপাতালের বর্তমান অবস্থা, সেবা কার্যক্রম ও পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে জানান তিনি।
সংসদ সদস্য বলেন, “মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে কিছু লিখিত অভিযোগ ছিল। বিষয়গুলো আমরা সদরে জানিয়েছি এবং বলেছি—এগুলো পরিবর্তন করতে হবে। প্রথমে কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে, এমনকি দুঃখ প্রকাশও করেছে। আগে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, ওপরের পর্যায়ে সমস্যা ছিল। এখন যেকোনো অনিয়মের বিষয় সরাসরি আমাকে জানাতে বলা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি সরকারি হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতি ও বেসরকারি ক্লিনিকে তাঁদের দীর্ঘ সময় সেবা দেওয়ার বিষয়েও মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল—সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত পাওয়া যায় না, অথচ প্রাইভেট ক্লিনিকে রাত পর্যন্ত রোগী দেখেন—এ বিষয়ে তাঁর অবস্থান কী? জবাবে তিনি বলেন, দালালচক্র, অবৈধ লেনদেন বা ‘স্পিরিট মানি’ সংক্রান্ত অভিযোগ গোপনে তাঁর কাছে এসেছে। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, “কেউ যদি দুই নম্বরি করতে চায়, সরাসরি জানাবেন। এত ক্ষমতা নিয়ে কে চলবে—তা আমরা দেখব।” তাঁর বক্তব্যে স্পষ্ট হয়, হাসপাতালের সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি প্রশাসনিকভাবে সক্রিয় ভূমিকা রাখতে চান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে তিনি এলাকার মানুষের আবেগের জায়গা হিসেবে উল্লেখ করেন। বর্তমানে কয়েকটি বিভাগ চালু থাকলেও পূর্ণাঙ্গভাবে হাসপাতাল চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টার বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অচিরেই ইতিবাচক অগ্রগতির ঘোষণা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য।
এদিকে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যায়।
শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় মো. আমির হামজা সমর্থকদের উদ্দেশে সংযত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, যেসব স্থানে তাঁকে নিয়ে সমালোচনা বা ‘মিডিয়া ট্রায়াল’ হয়, সেখানে প্রতিক্রিয়ায় কটু মন্তব্য না করতে। বরং যুক্তিপূর্ণভাবে বক্তব্য তুলে ধরতে বা প্রয়োজনে নীরব থাকতে অনুরোধ করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, তাঁর বিরুদ্ধে বিকৃত বা ‘টুইস্টেড’ সংবাদ প্রচার হলেও তিনি বিচলিত নন। সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে—এই বিশ্বাস থেকেই তিনি কাজ করে যেতে চান।
